লিখন রাজঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সতর্কবার্তায় দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম, অনৈতিকতা কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ফেসবুক পোস্টে সারফারাজ মিয়া স্পষ্ট করে উল্লেখ করেন, তিনি এবং তার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী যারা রাজনীতি করছেন, তাদের কারও ব্যক্তিগত অপকর্মের দায় তিনি বা তার দল কোনোভাবেই গ্রহণ করবে না। কেউ যদি তার নাম ভাঙিয়ে বা দলীয় পরিচয় ব্যবহার করে অপ্রীতিকর, সমাজবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও লেখেন, যুবদল একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। অপরাধী, সন্ত্রাসী বা অসৎ উদ্দেশ্যসম্পন্ন কোনো ব্যক্তির আশ্রয়স্থল হিসেবে এই সংগঠনের প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ নেই। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা দলীয়ভাবে কখনোই বরদাশত করা হবে না।
সারফারাজ মিয়া তার পোস্টে বলেন, রাজনীতি তাদের কাছে ক্ষমতা বা প্রভাব বিস্তারের মাধ্যম নয়, বরং জনগণের সেবা করার একটি দায়িত্ব। দেশ ও সমাজের স্বার্থের প্রশ্নে তারা আপসহীন অবস্থানে আছেন এবং থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে যারা রাজনীতির নাম ব্যবহার করে অপকর্ম করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই যুবদলের নীতিগত সিদ্ধান্ত।
তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি তার নাম বা দলের পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক কাজের চেষ্টা করে বা চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়ায়, তাহলে বিষয়টি দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে জানানোর জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, সারফারাজ মিয়ার এই ফেসবুক পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।