মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
ফরিদপুরের রাজেন্দ্র  কলেজ শিক্ষার্থী কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ফরিদপুর জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি তাপস কুমার সাহা। এতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহসভাপতি সুকেশ কুমার সাহা, যুগ্ম সম্পাদক অজয় কুমার সাহা, আইনজীবী তুষার কুমার দত্ত, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক আইনজীবী চিরঞ্জীব রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক আইনজীবী বিশ্বনাথ সরকার স্বাধীন, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম দত্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্যসচিব সুব্রত রবিদাসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, কলেজছাত্র কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা দ্রুত উদ্‌ঘাটন করতে হবে। এ জন্য কোনো ধরনের প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তাঁরা আরও বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা কৌশিক সাহা জিতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি