সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ছাতক  উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে শনিবার  আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা বিএনপির নির্বাহী  কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডা.মিলন মিয়া, ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রদাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনে বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা করেন। 

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে অবহিত নন। বিভিন্ন সভা-সমাবেশ, প্রচার- প্রচারণা পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করতে হবে।

সমাবেশ শেষে উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। ছাতক ও কৈতক হাসপাতালে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার।