সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে পুলিশের অভিযানে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) ছাতক থানা পুলিশের একটি দল উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পূর্ব পাশে মান্নান মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউড়া গ্রামের আবদুল জলিলের পুত্র মো. জুবায়ের (২০) এবং একই উপজেলার বাগমারা গ্রামের মো.নজরুল ইসলামের পুত্র সিএনজি চালক শেখ আবদুল্লা (২১)।
ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. আবদুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া শাড়ি পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১) (বি)(২)/২৫-ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।