মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) মধুখালীর মরিচবাজার এলাকায় সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁকে উদ্ধারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পরে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।