নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার (১ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।