মোঃ শাহজাহান বাশার 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াসনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কুদ্দুস মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে ঘটনাস্থল থেকে মো. কুদ্দুস মিয়া (পিতা: রজব আলী, গ্রাম: গোয়াসনগর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।