সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন ও দক্ষিণ খুরমা ইউনিয়নের সংযোগস্থল সৈদেরগাঁও সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা এবং সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের দাবিতে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমরার সন্ধ্যায়  সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জানান, সিংচাপইড় ইউনিয়ন ও দক্ষিণ খুরমা ইউনিয়নের সংযোগকারী সৈদেরগাঁও সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রু'ত সড়কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। নেতৃবৃনৃদ বলেন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। 
তিনি বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সৈদেরগাঁও সড়কের উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান মিজান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, সিংচাপইড় ইউনিয়ন জাসাসের সদস্য সচিব কফিল উদ্দিন, ছাত্র  নেতা-কে এম বাছিত, ওয়ার্ড বিএনপি নেতা মনির উদ্দিন, দুদু মিয়া ও সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।