মোঃ শাহজাহান বাশার 

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ জুলাই) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে গত ২১ জুলাই দুপুর ১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুপ ভানু ওরফে রুপি (৫৫) এবং তাহমিনা (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এ ছাড়া ২২ জুলাই রাত ২টা ৩০ মিনিটে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযানে মাসুদ রানা (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার রুপ ভানু ওরফে রুপির বিরুদ্ধে দুটি এবং মাসুদ রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।