মোঃ শাহজাহান বাশার | কুমিল্লা

বাংলাদেশের প্রাচীন ইসলামী স্থাপত্য ও লোকঐতিহ্যের অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত কুমিল্লা সদর উপজেলার ময়নামতি গ্রামের প্রায় তিনশ বছর পুরোনো ঐতিহাসিক ‘নটির/বাহাই নুরজাহান’ মসজিদ সংরক্ষণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন সমাজসেবক ও ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী মোশাররফ হোসেন খান চৌধুরী।

সম্প্রতি তিনি কুমিল্লার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি ঐতিহাসিক এই মসজিদটির জরুরি সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

আবেদনে উল্লেখ করা হয়, গোমতী নদীর উত্তর তীরবর্তী ময়নামতি গ্রামের এই প্রাচীন মসজিদটি দীর্ঘদিন ধরে অবহেলা, প্রাকৃতিক ক্ষয় এবং রক্ষণাবেক্ষণের অভাবে মারাত্মকভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। মসজিদের দেয়াল, গম্বুজ এবং মূল কাঠামোর বিভিন্ন অংশে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা দ্বিতীয় ধর্ম মাণিক্যের শাসনামলে নূর জাহান নামে এক নারী এই মসজিদ নির্মাণ করেছিলেন। যদিও এ তথ্য নিয়ে আরও প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণার প্রয়োজন রয়েছে, তবুও দীর্ঘদিন ধরে এটি কুমিল্লার লোকঐতিহ্য, ইসলামী স্থাপত্য এবং আঞ্চলিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত।

আবেদনকারী মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, "বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার স্বার্থে এই প্রাচীন মসজিদটি সংরক্ষণ করা সময়ের দাবি। যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা হলে এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনাই নয়, বরং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যটন ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।"

তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত জরিপ পরিচালনা করে মসজিদটির প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করা প্রয়োজন। এরপর সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম হাতে নিলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পাবে।

সচেতন মহলের মতে, দেশের বিভিন্ন অঞ্চলের বহু প্রাচীন প্রত্নসম্পদ সময়মতো সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে। তাই কুমিল্লার ময়নামতির এই ঐতিহাসিক ‘নটির/বাহাই নুরজাহান’ মসজিদকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করে দ্রুত সংরক্ষণ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ কামনা করেছেন।

ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পিত উন্নয়ন করা হলে ময়নামতির এই প্রাচীন মসজিদটি কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে দেশ-বিদেশের পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।