মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

ঐতিহাসিক ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে বিজয় র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহফুজুর রহমান সবুজসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার সম্মিলিত ও সাহসী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।