মোঃ শাহজাহান বাশার: কুমিল্লায় বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ মো. হাবিবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন তিনি।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিবুর রহমানকে আটক করার পর তার কাছ থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ও বিদেশি মদ সংগ্রহ করে আসছিলেন। পরে এসব মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।