ঢাকা প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১০ আগস্ট ২০২৬ বিকেল ও সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায়। এ সময় ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সালাউদ্দিন (২৬) ও মো. সাজু হোসেন (২৯)। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৮০০ টাকা।

এরপর একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ফারুক হাসান (৪০) ও মো. আলী হোসেন (৪৬) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট মূল্য প্রায় ৩ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।