ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জে পরিবারসহ এক জ্যেষ্ঠ প্রকৌশলীকে গালিগালাজ, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৌশলী সমাজে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী প্রকৌশলী ফজলে রাব্বী রনি (FIEB-14400) আইইবি ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে ফ্যামিলি লাউঞ্জে গেলে সেখানে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি রনির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রনি নিজের পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে নজরুল ইসলাম তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করেছেন রনি। একপর্যায়ে কুয়েটের সুজাউদ্দিন সুজন নামের আরেক ব্যক্তিও সেখানে যোগ দিয়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়েছে, নজরুল ইসলাম নিজেকে এ্যাবের সদস্য সচিব শোয়েব বাঁশরী হাবলুর ঘনিষ্ঠজন ও ‘গুরু’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তিনি নাকি দাবি করেন, হাবলু তাঁর কথায় ওঠাবসা করেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রনির আরও অভিযোগ, ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর বিচারপ্রার্থনার পোস্ট মুছে ফেলার জন্য শাহাদাত মাছুম নামের এক ব্যক্তির মাধ্যমে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগী প্রকৌশলীর দাবি, দীর্ঘদিন ধরে পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার পরও পরিবারসহ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁর ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম, সুজাউদ্দিন সুজন, শোয়েব বাঁশরী হাবলু ও শাহাদাত মাছুমের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
একটি পেশাজীবী সংগঠনের পারিবারিক পরিসরে এমন অভিযোগের ঘটনায় প্রকৌশলী সমাজের অনেকে বলছেন, অভিযোগ সত্য হলে তা শুধু ব্যক্তিগত বিরোধের বিষয় নয়; বরং প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাজীবীদের মর্যাদার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।