মোঃ শাহজাহান বাশার
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি শেষে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন সংবাদকর্মী আহত হন, যার মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি-৩২ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাদের বক্তব্য চলাকালে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ করেই একদল ব্যক্তি তাদের ওপর চড়াও হয়।
হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। এছাড়া দৈনিক কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক রাব্বী সিদ্দিকীও হামলার শিকার হন।
আহতদের দাবি, হামলাকারীরা অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে অন্তত ২০ থেকে ২৫ জনকে মারধর করে। এতে মাহফুজুর রহমান শিশিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে আব্দুর রহমান ইশানকেও কিল-ঘুষি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, হামলার পুরো সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। সাংবাদিকরা হামলাকারীদের নিবৃত্ত করতে অনুরোধ জানালেও উপস্থিত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানান।
ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল-পরবর্তী ব্রিফিং চলাকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে উপস্থিত কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' ও 'ভারতের দালাল' বলে মন্তব্য করা হলে তারা এর প্রতিবাদ জানান। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
এ কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও মুজাহিদুল ইসলাম শাহিনের নাম জানা গেছে।
অভিযোগের বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, "আমাদের কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।