সেলিম মাহবুবঃ
আশংকাজনক হারে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা, দমদমা, বরম ও কালাইরাগ সীমান্ত দিয়ে মাদকসহ চোরাচালানের খবর পাওয়া যাচ্ছে বেশ কয়েকমাস ধরে।স্হানীয় কয়েকটি চক্র ভারত থেকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। 
এছাড়া উৎমা পর্যটন স্পটে সম্প্রতি দিনেদুপুরে মাদক কেনা বেচাসহ পর্যটক কতৃক মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় স্হানীয়দের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ হয়েছে। 
স্হানীয় সচেতন মহল অবিলম্বে মাদক কারবারিসহ পর্যটন স্পটে মাদকের হাট বসার বিরুদ্ধে প্রশাসনিক কঠোরতায় নির্মূলের দাবি তুঙ্গে।
এদিকে কোম্পানীগঞ্জ মাদকবিরোধী অভিযান সফলে ওৎ পেতে থাকে আইনশৃঙ্খলা বাহীনি। 
ফলে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলের চালান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান চালায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি। 
ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।