সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে অভিযানের প্রথম দিনে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোটরসাইকেল সহ ১৪ টি মামলায় মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার ৭ সেপ্টেম্বর বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানা, ছাতক পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। শহরের সিলেট রোড, ট্রাফিক পয়েন্টে অবস্হিত আতিক হোটেল, প্রীতিরাজ শাহীন হোটেল, ফলের দোকান ও তিনটি পানের আরতের দোকান থেকে অবৈধভাবে মোটরসাইকেল রাস্তায় রাখার দায়ে এজরিমানা আদায় করা হয়। এছাড়া পূবালী ব্যাংকের ম্যানেজারের কার অবৈধভাবে রাখার দায়ে জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজটমুক্ত এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। যাতে ফুটপাত দখল না করে ব্যাবসায়ীদের ব্যাবসা করার জন্য সবার প্রতি আহব্বান জানান।