মোঃ শাহজাহান বাশার

ঢাকার শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া উল্লিখিত এলাকাগুলোর আশপাশে এ সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর ব্যস্ত এসব এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়ির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে।