মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
ঢাকার মালিবাগে সাউথ পয়েন্ট ইউনিভার্সিটির একটি ভবন থেকে পড়ে অমিত ঘোষ (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আজ সোমবার ভোররাত পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত অমিত ঘোষ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মৌচাক শাখার আপন জুয়েলার্সের ব্যবস্থাপক সুবল ঘোষের (বুলু) ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ১১টার দিকে অমিত বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
অমিতের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে ফরিদপুরের পিয়ারপুরে নিজ বাড়ির পাশে পারিবারিক শ্মশানে অমিতের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।