মোঃ শাহজাহান বাশার
কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার অভিযোগে ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আবদুল ওয়াদুদ ওরফে মানিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত ভাড়ার প্রলোভন দেখিয়ে চালকদের নির্জন এলাকায় নিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করা হতো বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট লাকসাম-নাঙ্গলকোট এলাকার আতিয়াবাড়ী থেকে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় মেহেদী (১৮) হিসেবে শনাক্ত হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আবদুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মেহেদীকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এদের মধ্যে মানিক ও সেলিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তের একপর্যায়ে মানিকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, ফোনটি গত ২৪ জুলাই থেকে নিখোঁজ থাকা আরেক অটোরিকশাচালক আরমান হোসেনের।
এরপর আরমান নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তার ছিনতাই হওয়া অটোরিকশার বডি উদ্ধার করা হয়। এ ঘটনায় জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশাটি মানিক ও সেলিমের কাছ থেকে পাওয়ার কথা স্বীকার করেন। পরে তারাও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আরমান নিখোঁজের মামলায় মানিক ও সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তারা জানান, আরমানকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়েছিল।
পরে গত ১২ সেপ্টেম্বর বিনয়ঘর এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ আরমানের কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান সাইমন (১৭) নামের এক চালককে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে। ওই মামলায় গ্রেপ্তারের পর মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একাধিক চালককে হত্যার সঙ্গে মানিকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।