মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক বিদায়ী সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদের দীর্ঘদিনের গুরুত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সংসদ ও সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্যও তিনি ধন্যবাদ জানান।
চীনের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি দুই দেশের আইনসভা ও সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, বিনিময় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন কমিউনিটি গঠনের প্রচেষ্টাকে আরও গভীর ও অর্থবহ করতে দুই দেশকে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদের নেতারা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে তাঁর অবদানের প্রশংসা করেন।
তারা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এক-চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আইনসভাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তারা।
বাংলাদেশ সংসদের নেতারা আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এর সুফল উভয় দেশের জনগণের কাছে পৌঁছাবে।