দাগনভূঞা প্রতিনিধি
মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘বাইতুল আমান ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পেলেন কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা  ফখরুল ইসলাম
 দাগনভূঞা মানবসেবা ও সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও মানবাধিকার কর্মী  ফখরুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাইতুল আমান ট্রাস্ট।
 এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফুল ও স্মারক প্রদান করে তাকে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। 
 ফখরুল ইসলাম দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুয়েতে জীবিকা নির্বাহ করে আসছে। প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বাইতুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সংগঠনটির একজন উপদেষ্টা হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রমে ট্রাস্টের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আমান ট্রাস্টের উপদেষ্টা ও দাগনভূঞা  পৌর বিএনপির  সদস্য সচিব হুমায়ূন কবির বাবু।
বাইতুল আমান ট্রাস্টের উপদেষ্টা ও সাবেক যুবদল নেতা সৈয়দ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল,  উপদেষ্টা জাকির হোসেন সেলিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাইতুল আমান ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর সদর ইউনিয়নের যুবদল নেতা মো. সরোয়ার, শ্রমিকদল নেতা ওমর ফারুক, যুবদল নেতা মাঈন উদ্দিন সোহেল, বিএনপি নেতা নেজাম উদ্দিন, যুবদল নেতা মো. শরীফ, যুবদল নেতা বেলায়েত, ছাত্রদল নেতা সাঈদী, মিতেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্বও পালন করছেন। তারা মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের অব্যাহত সহযোগিতার কথা তুলে ধরেন এবং বাইতুল আমান ট্রাস্টের মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানে ফখরুল ইসলামের মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও তিনি সমাজের অসহায় মানুষের পাশে থাকবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।