মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুর সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে এসব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রকল্পের আওতায় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কানাইপুর সাইবেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক সুবিধাসম্পন্ন ভবন নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। নতুন ভবনগুলো শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করার পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভবনগুলো নির্মাণ হলে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি দুর্যোগের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।