মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস। এ সময় বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, মণ্ডপকেন্দ্রিক পুলিশি টহল জোরদার এবং বিসর্জন ঘাটে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজার সময় শহরের যানজট নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের কার্যক্রম মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সম্প্রতি ফরিদপুরের পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।