মোঃ শাহজাহান বাশার
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ নামের দুটি গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি রয়েছেন। গত ১০ দিনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ অভিযান চলছে। অভিযানে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, অভিযানের কারণে কুমিল্লার কয়েকটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় সদস্যরা আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমরান হোসেন রতন (১৯), সাইফুল ইসলাম (২০), মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
পুলিশের দাবি, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে। অপরদিকে মো. সাব্বির ও রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন। কিশোরদের অপরাধপ্রবণতা কমাতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।