মোঃ শাহজাহান বাশার
কারা সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ আদালতের দেওয়া জামিনের কাগজ গতরাতে কারাগারে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত সময়েই তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তির সময় আনিস আলমগীর সাদা রঙের একটি প্রাইভেটকারে করে কারা ফটক ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে ৫ মার্চ উচ্চ আদালত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে জামিন দেন।
এদিকে, চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করে। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সর্বশেষ ১১ মার্চ তিনি এ মামলাতেও জামিন লাভ করেন।
দুই মামলায় জামিন প্রাপ্তির পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় শনিবার তিনি কারামুক্ত হন।
মন্তব্য করুন