মো. শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত ৫৫ জন এতিম শিক্ষার্থী এবং দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি মো. তানভীর হোসেন। তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে।” তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রাসেল সারওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সবাইকে নিয়ে মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এতে এলাকার এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারগুলো উপকৃত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপজেলার স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সহমর্মিতা ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।
মন্তব্য করুন