মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
এক-এগারোর সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। গত রাতে রাজধানীর বারিধারা এলাকার ডিওএইচএস থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বারিধারার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
মাসুদ উদ্দিন চৌধুরী এক সময় রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন, অর্থাৎ সোনাগাজী-দাগনভূঞা এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি ফরম সংগ্রহ করেছিলেন বলেও জানা যায়। তবে পরবর্তী সময়ে জাতীয় পার্টির টিকিটে নির্বাচন করেন তিনি।
স্থানীয় ও রাজনৈতিক মহলে প্রচলিত তথ্য অনুযায়ী, মনোনয়ন নিশ্চিত করতে তিনি তৎকালীন গণভবনে যান এবং সেখান থেকে জাতীয় পার্টির টিকিট নেওয়ার পরামর্শ পান। পরে তিনি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দলের পদ ও মনোনয়ন নেন বলে জানা যায়।
এক-এগারোর সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ ও রাজনৈতিক ঘটনাপ্রবাহে তিনি বেশ আলোচিত ছিলেন। সে সময় তার ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনা ও বিতর্কও ছিল।
তবে তাকে আটকের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
মন্তব্য করুন