মোঃ শাহজাহান বাশার,
কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিকে গুরুত্ব দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের স্বার্থ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় কাজ করে। জনগণের দাবি বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন সমানভাবে নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।
পথসভায় তারেক রহমান আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে শুধু সরকারের ভূমিকা নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
দুই দশক পর শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সকালে ঢাকার গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরসূচির মধ্যে ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভা।
এদিন বিকেলে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন