খান মেহেদী : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে পান্ডব নদীর ভয়াবহ ভাঙন রোধে শুক্রবার স্থানীয় ভুক্তভোগী জনগণ মানববন্ধন করেছে। নদীভাঙনের কারণে এলাকায় বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পান্ডব নদীর অব্যাহত ভাঙনের কারণে কলসকাঠী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই অনেক পরিবার মাথা গোজার ঠাই হারিয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে দক্ষিণ সাদিস গ্রামের পুরো এলাকা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষা মৌসুমে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে।
তবে স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিন সাদিস গ্রামের আবু সাল বলেন, “যুগের পর যুগ ধরে পান্ডব নদীর ভাঙনে আমিনপুর গ্রামও মানচিত্র থেকে হারিয়ে গেছে। আমাদের গ্রামও দ্রুত বিলীন হওয়ার পথে।
সরকারের পক্ষ থেকে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”এদিকে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা পান্ডব নদীর ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিতরা বিভিন্ন স্লোগান দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এলাকাবাসী আশা প্রকাশ করেন, সরকারী পদক্ষেপের মাধ্যমে নদীভাঙন থেকে তাদের জীবন ও জীবিকা রক্ষা করা সম্ভব হবে।