মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের সরব পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে ৩৭ দিনের দীর্ঘ ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস চালু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে নির্বাচন, রমজান ও ঈদের কারণে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে।
এ পরিস্থিতি বিবেচনায় ছুটির পর থেকে পূর্ণ উদ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়মিত ক্লাস গ্রহণ, পাঠ পরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ নজরদারির কথা জানিয়েছে।
বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ ফেরাতে শিক্ষকদের বাড়তি উদ্যোগ নিতে হবে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মিত মূল্যায়ন ও পুনরাবৃত্তিমূলক পাঠদান কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অভিভাবকদেরও সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং পড়াশোনায় মনোযোগী করতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ছুটি-পরবর্তী এ নতুন সূচনার মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষাব্যবস্থা দ্রুতই ফিরে আসবে।