মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বলেছেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করা। সাংবাদিকদের কলম যেন দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই সাংবাদিকতার মূল চেতনা। প্রতিটি সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল, যাতে নিরপরাধ কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”
তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হলে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি আ.হ.ম তাইফুর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসক মোস্তাক মিয়া বুড়িচং উপজেলায় জেলা পরিষদের অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বুড়িচং ডাক বাংলোর সংস্কারকাজসহ একাধিক প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।