ফরিদপুর সংবাদাতা।
ফরিদপুরে সংবাদ অনুসন্ধান ও পেশাগত দায়িত্ব পালনের জেরে সাংবাদিক মো. রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজুল রিয়াজকে মুঠোফোনে গালাগাল ও সাত দিনের মধ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওয়াহিদ শেখ দুলু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
রোববার (৮ নভেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগটি জমা দেওয়া হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ২৪ মিনিটে সাংবাদিক রিয়াজুলের ব্যক্তিগত মুঠোফোনে একটি নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করে পরিচয় জানতে চাইলে অপর প্রান্তের ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে সাংবাদিকতা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং আগামী সাত দিনের মধ্যে তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক রিয়াজুলের অভিযোগ, গত ৫ নভেম্বর ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় গৌরব সিকদার নামের এক তরুণ ও তাঁর নারী বন্ধুকে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিপুল অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানে যান তিনি। এ বিষয়ে অনুসন্ধানের পরদিনই তাঁকে মুঠোফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে কলদাতা হিসেবে ওয়াহিদ শেখ দুলুর নাম উল্লেখ করেছেন সাংবাদিক রিয়াজুল। তিনি ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোনপচা এলাকার বাসিন্দা। এ ছাড়া তাঁর সহযোগীদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
তবে অভিযুক্ত ওয়াহিদ শেখ দুলু মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক রিয়াজুলের সঙ্গে কিছু বিষয়ে কথা বলার কথা স্বীকার করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলেছেন বলেও স্বীকার করেন তিনি।
সাংবাদিক রিয়াজুল ইসলাম দৈনিক ‘বাংলা ৭১’ ও ‘উত্তরাধিকার ৭১ নিউজ’-এর বিশেষ প্রতিনিধি। পাশাপাশি তিনি ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
এদিকে সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা ইউনিট।
এক যৌথ বিবৃতিতে ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু এবং জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এস এম সাহান বলেন, সংবাদ অনুসন্ধান ও পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সাংবাদিক রিয়াজুল বলেন, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।
মন্তব্য করুন