মোঃ শাহজাহান বাশার
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে প্রধানমন্ত্রী নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকালে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক স্মরণ করেন নেতাকর্মীরা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মন্তব্য করুন