মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লা, ২১ এপ্রিল ২০২৬: কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ শান্ত (৩১)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী থানার সংরাইশ গ্রামের মৃত ওয়াসিম ও শাহিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানাধীন কান্দিরপাড় সাকিনের তাহের ম্যানশনের গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ শান্তকে আটক করা হয়। তার কাছে থাকা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উপস্থিত স্থানীয় লোকজনের সামনে বিধিমোতাবেক এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, ধৃত মোঃ শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও চান্দিনা থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, নগরীকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন