মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল পণ্য বিক্রি বন্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) অধিদপ্তরের ৫৬টি টিম দেশের ৩৩টি জেলায় বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয়সহ ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে মোট ৮৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত এবং পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি), উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া মিথ্যা ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য না দেওয়ার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ভোক্তা-স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মন্তব্য করুন